কক্সবাজারে ১৭ লাখ ৭৫ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে চৌফলদন্ডী ব্রিজের নিচে একটি মাছধরা ট্রলারে অভিযান চালিয়ে প্রথমে ৭ বস্তায় ১৪ লাখ ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরে এক মাদক কারবারির বাসায় অভিযান চালিয়ে আরো ৩ লাখ ৭৫ হাজার পিস ইয়াবা ও দুই বস্তায় ইয়াবা বিক্রির নগদ ১ কোটি ৭০ লাখ টাকা উদ্ধার করা হয়। কক্সবাজারে আটক ইয়াবার চালানটি এ যাবতকালের সর্ববৃহৎ বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার মাদক কারবারিরা হল কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার নজরুল ইসলমের ছেলে জহিরুল ইসলাম ফারুক ও একই এলাকার মোজাফফর আহামদের ছেলে মো. বাবুল।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ আলী বলেন, ইয়াবার একটি বড় চালান কক্সবাজারের দিকে আসছে- এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল ইয়াবা কারবারিদের পিছু নেয়। পরে সেটি চৌফলদন্ডি ঘাটে থামলে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিসহ ৭ বস্তা ইয়াবা জব্দ করি। যেখানে ১৪ লাখ ইয়াবা পাওয়া যায়, যেটি এ যাবৎকালের সর্ববৃহৎ চালান।
পুলিশ জানায়, মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে আসা মাছধরা নৌকাটি প্রথমে ইনানীতে নোঙর করে বলে গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে। পরে তারা সেখান থেকে মহেশখালী চ্যানেল দিয়ে সোনাইছড়ি খালে প্রবেশ করে এবং চৌফলদন্ডির অদূরে ভারুয়াখালী ঘাটে নোঙর করে। সংশ্লিষ্টদের সন্দেহ এড়াতে সেখান থেকে শহরের ৬ নম্বর জেটি ঘাটে এসে চালানটি খালাস করাই ছিল তাদের উদ্দেশ্য। কিন্তু চারদিকে পুলিশের ঘেরাওয়ের মুখে তারা চৌফলদন্ডি ঘাটে এসে নোঙর করলে সেখান থেকেই তাদের গ্রেপ্তার করে সাদা পোশাকে থাকা পুলিশ।
কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, গ্রেফতার মাদক কারবারিদ্বয় শহরের একটি বড় মাদক কারবারি সিন্ডিকেটের সদস্য। তারা দীর্ঘদিন ধরে গোপনে লোকচক্ষুর অন্তরালে মাদক পাচার করে আসছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এই চক্রের সাথে কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।













