৫ দিন মৃত্যুর সঙ্গে লড়ে বিদ্যুৎস্পৃষ্ট মাদ্রাসাছাত্রের মৃত্যু

| সোমবার , ২০ জুলাই, ২০২৬ at ৭:২৬ পূর্বাহ্ণ

বাড়ির সামনের গাছে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পাঁচদিন পর মোহাম্মদ আলিফ নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মোহাম্মদ আলিফ হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মন্দাকিনী এলাকার মোহাম্মদ শাহেদের ছেলে। জানা যায়, গত ১৫ জুলাই নিজ বাড়ির সামনে থাকা একটি পেয়ারা গাছে পেয়ারা পাড়তে ওঠে আলিফ।

এ সময় গাছের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। খবর বাংলানিউজের।

এতে তার শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম জাহাঙ্গীর বাংলানিউজকে বলেন, পেয়ারা পাড়তে গিয়ে আলিফ বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল। পাঁচদিন চমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সকালে তার মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আলিফকে দাফন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশাহজালালে ফলের ক্রেটে মিলল ১৬ কেজি সোনা
পরবর্তী নিবন্ধপ্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব