নগরীর চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের চিকিৎসকদের উপর হামলার অভিযোগে ৫ ব্যক্তির বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের হয়েছে। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালতে হাসপাতালের চীফ সিকিউরিটি অফিসার মো. কলিম উল্লাহ বাদী হয়ে নালিশি মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন– মোহাম্মদ হেলাল উদ্দিন, আবু তাহের, জেসমিন আক্তার, মোহাম্মদ ইয়াছিন উদ্দিন ও মো. জনু মিয়া। আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের কয়েকটি ধারায় হওয়া মামলাটির বাদীপক্ষের আইনজীবী জিয়া হাবীব আহসান দৈনিক আজাদীকে বলেন, আদালত মামলাটি তদন্ত করে রিপোর্ট প্রদানের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং জোনের সহকারী কমিশনারকে নির্দেশ দিয়েছেন।
মামলার আরজিতে বলা হয়, গত ২৮ এপ্রিল মা ও শিশু জেনারেল হাসপাতালে আহিয়ান নামের ২ বছরের একজন রোগী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। শিশুটির চিকিৎসা বিল আসে ৬৫ হাজার ৪৪০ টাকা। উক্ত টাকা পরিশোধ করার অনুরোধ জানানো হলেও আসামিরা নানা কূট কৌশলের আশ্রয় নেন এবং কোন ধরণের বিল পরিশোধ ছাড়াই রোগীর মরদেহ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পাশাপাশি হাসপাতালের আইসিইউতে ব্যাপক ভাঙচুর চালানোসহ কর্তব্যরত নারী চিকিৎসকের ওপর হামলা চালানো হয়। পাশাপাশি অশালীন আচরণও করা হয়। এছাড়া চিকিৎসকদের প্রাণনাশের হুমকি দিয়ে স্বনামধন্য হাসপাতালটির স্বাভাবিক পরিবেশ নষ্ট করা হয় বলেও আরজিতে উল্লেখ করা হয়।










