২ ঘণ্টার নিচে দৌড়ে প্রথম ম্যারাথন জিতলেন কেনিয়ার সাওয়ে

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২৭ এপ্রিল, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

প্রথম মানব হিসেবে ২ ঘণ্টার কম সময়ে ম্যারাথন শেষ করেছেন কেনিয়ার সেবাস্টিয়ান সাওয়ে। ক্রীড়া ইতিহাসের প্রথম মানব হিসেবে ২ ঘণ্টার রূপকথার দেয়াল ভেঙে দিলেন তিনি। রোববার লন্ডন ম্যারাথনে মাত্র ১ ঘণ্টা ৫৯ মিনিট ৩০ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন ২৯ বছর বয়সী এই অ্যাথলেট। কেনিয়ার কেলভিন কিপটুম ২০২৩ সালে শিকাগোতে যে বিশ্ব রেকর্ড (:০০:৩৫) গড়েছিলেন, সাওয়ে গতকাল সেটি ভাঙলেন অবিশ্বাস্য ৬৫ সেকেন্ডের ব্যবধানে। সাওয়ে ছাড়াও দ্বিতীয় হওয়া ইথিওপিয়ার ইয়োমিফ কেজেলচাও ২ ঘণ্টার নিচে (:৫৯:৪১) দৌড় শেষ করেছেন। আর ২ ঘণ্টা ০০ মিনিট ২৮ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হওয়া উগান্ডার জ্যাকব কিপলিমোও কিপটুমের আগের বিশ্ব রেকর্ডটি ৭ সেকেন্ডের ব্যবধানে ছাড়িয়ে গেছেন।

সাওয়ে ম্যারাথনের দ্বিতীয় ভাগ দৌড়ান মাত্র ৫৯ মিনিট ০১ সেকেন্ডে। ৩০ কিলোমিটার পর্যন্ত কেজেলচা তাঁর সঙ্গে পাল্লা দিলেও শেষ ২ কিলোমিটারে একক আধিপত্য বিস্তার করেন সাওয়ে। এর আগে ২০১৯ সালের অক্টোবরে কেনিয়ার কিংবদন্তি এলিউড কিপচোগে ১ ঘণ্টা ৫৯ মিনিট ৪০ সেকেন্ডে ম্যারাথন শেষ করেছিলেন। তবে কিপচোগে বিশেষ জুতা পরে দৌড়ানোয়, কিছু নিয়ম না মানায় ও প্রতিযোগিতাটি উন্মুক্ত ইভেন্ট না হওয়ায় সেটি বিশ্ব রেকর্ড হিসেবে স্বীকৃতি পায়নি। সাওয়ে আজ অ্যাডিডাসের ১০০ গ্রামের কম ওজনের নতুন ‘প্রো ইভো ৩’ সুপার শু পরে সেই অপূর্ণতা ঘোচালেন।

পূর্ববর্তী নিবন্ধসাকলাইনকে অলরাউন্ডার হিসেবেই দেখছেন অধিনায়ক লিটন
পরবর্তী নিবন্ধবাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমির অনুশীলন ক্যাম্প উদ্বোধন