নগরীর কোতোয়ালীর জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে ১৩ বছর আগে ৪ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম নিকাশ চক্রবর্তী সুমন। তিনি লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া এলাকার বাসিন্দা। গতকাল চট্টগ্রামের ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলি এ রায় ঘোষণা করেন। এসময় আসামি কাঠগড়ায় হাজির ছিলেন না। তিনি পলাতক। এ জন্য তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন। ২০১৩ সালের ২৬ এপ্রিল জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে দণ্ডপ্রাপ্ত আসামি নিকাশ চক্রবর্তীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তখন তার কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হলে আদালত কর্তৃক আসামির বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরু হয়।












