হ্যাকারদের কবল থেকে সতর্ক হোন

মুহাম্মদ আজিজুর রহমান | বুধবার , ২৯ এপ্রিল, ২০২৬ at ৮:০৩ পূর্বাহ্ণ

প্রশাসনের লোক পরিচয় দিয়ে মোবাইল হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে প্রতারণার ফাঁদ সৃষ্টিপূর্বক আপনজনদের নিকট হোয়াটস্‌অ্যাপে ম্যাসেজ পাঠিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে একদল দুষ্কৃতকারী প্রতারকচক্র। প্রথমে আপনার মোবাইলের হোয়াটস্‌অ্যাপ নম্বরে ফোন দিবে। অত:পর বলবে আপনি কি অমুক? এটা কি আপনার নম্বর? এসময় আগত ফোনের হোয়াটসঅ্যাপ প্রোফাইলে দেখতে পাবেন প্রশাসনের একজন পুলিশ, ডিজিএফআই, এনএসআই বা সেনাবাহিনী অফিসারের ছবি। তখন বলবে আপনার এ নম্বর হতে গ্রুপ খুলে আপনি বাংলাদেশ পুলিশ বিভাগ সম্পর্কে বাজে মন্তব্য করছেন এবং বিভিন্ন বিভ্রান্ত ছড়াচ্ছেন। আপনি যদি বলেন যে, আমি কোনো গ্রুপ খুলিনি, তখন আপনার পরিচয় জানতে চাইবে। পরিচয় জেনে বলবে তাহলে দুষ্কৃতকারীরা আপনার এ নম্বর দিয়ে গ্রুপ খুলেছে। এদের শনাক্ত করতে আপনার সহযোগিতা দরকার বিধায় আমরা যা বলবো তা করবেন। এসময় আপনি যদি একটু গড়িমসি করেন, তবে গ্রুপ খোলার ব্যাপারে আপনাকে দোষারোপ করবে। এসময় আপনাকে হোয়াটস্‌অ্যাপে উপরে থাকা থ্রি ডট (⋮) এবং ডিভাইস লিংকে ক্লিক করতে বলবে। এরপর একটা নম্বর বলে আপনার ওটিপি নিয়ে নিবে। ওটিপি নিলে আপনার হোয়াটস্‌অ্যাপ হ্যাক হয়ে যাবে এবং হোয়াটস্‌অ্যাপে এক্সেস পেয়ে যাবে। এরপর আপনার আপনজনদের নিকট হোয়াটস্‌অ্যাপে টাকার জন্য এসএমএস পাঠাবে। অতঃপর টাকা হাতিয়ে নিবে। আর আপনাকে কমান্ডো স্টাইলে বলবে তদন্তের স্বার্থে একঘণ্টার জন্য মোবাইল বন্ধ রাখুন। আর আপনি যে স্থানে আছেন সেখান থেকে আধা কিলোমিটার দূরে সরে যান। এমন পরিস্থিতিতে সুরক্ষিত থাকার উপায় ও তাৎক্ষণিক করণীয় হলো, এসময় তারা আপনাকে নার্ভাস করে ফেললেও মনোবল দৃঢ় রাখতে চেষ্টা করবেন। এসময় প্রশাসনে পরিচিত কেউ থাকলে তাদেরকে অবহিত করে হ্যাকার সম্পর্কে তথ্য জেনে নিতে পারেন। হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক হলে সতর্ক না হলে বিপদ। আপনি যদি বুঝতে পারেন আপনার হোয়াটস্‌অ্যাপ নম্বর হ্যাক হয়েছে তখন সাথে সাথে বন্ধ মোবাইল খুলে সচল রাখবেন। আর স্বীয় স্থান ত্যাগ করবেন না। গুরুত্বপূর্ণ দিক হলো কল কেটে দিয়ে ‘ব্লক’ করা, হোয়াটস্‌অ্যাপে ‘রিপোর্ট’ মারা বা হোয়াটস্‌অ্যাপ সাথে সাথে লগ আউট করে ফেলা। এতে হ্যাকারের এক্সেস সাথে সাথে চলে যাবে। আর অতিসত্তর লগ আউট করতে না জানলে হোয়াটস্‌অ্যাপ গ্রুপ ডিঅ্যাক্টিভেট করে ফেলা। বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন: ফেসবুক, হোয়াটস্‌অ্যাপ গ্রুপে নম্বর হ্যাকের বিষয়ে জানিয়ে দেওয়া, যাতে কেউ কোন ধরনের লেনদেন না করে। কোন কারণে লগ আউট বা ডিএক্টিভেট করতে না পারলে তাড়াতাড়ি থানায় গিয়ে একটি জি.ডি. করে ফেলতে হবে এবং মোবাইল কোম্পানীকে এ ব্যাপারে জানাতে হবে।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধভয়াল ২৯শে এপ্রিল : এখনো অরক্ষিত বাঁশখালী উপকূল