নগরীর বায়েজিদ থানাধীন হিলভিউ আবাসিক এলাকার জামে মসজিদের সীমানা প্রাচীরের আংশিক ধসে পড়েছে। টানা ভারী বর্ষণের কারণে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। এতে আশপাশের বসতঘর ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। যে কোনো সময় আরও বড় ধরনের ধসের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হিলভিউ জামে মসজিদের উত্তর পাশের সীমানা প্রাচীরের ওপর ও সংলগ্ন এলাকায় কয়েকটি কাঁচা ও পাকা ঘর নির্মিত রয়েছে। দীর্ঘদিন ধরে অতিরিক্ত চাপের কারণে প্রাচীরটিতে ফাটল দেখা দিয়েছিল। গত কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের চাপে প্রাচীরের একটি অংশ ধসে পড়ে। মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় প্রাচীরের অবশিষ্ট অংশও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে সংলগ্ন ঘরবাড়ি ও বসবাসকারীদের জীবন এবং সম্পদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়েছে। আবেদনে ঝুঁকিপূর্ণ সীমানা প্রাচীরের ওপর ও সংলগ্ন এলাকায় গড়ে ওঠা স্থাপনা দ্রুত অপসারণের দাবি জানানো হয়েছে। ঘটনার পর বায়েজিদ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।











