ভারী বর্ষণে সড়ক উপচে দোকানে ঢুকে পড়া পানি সেচ করছিলেন দোকানের মালিক এবং কর্মচারীরা। এ সময় রাস্তা দিয়ে যাওয়া শহর এলাকার একটি বাস যাওয়ার সময় দোকানটিতে রাস্তার পানি ঢুকে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে দোকানের মালিক–কর্মচারীরা এসে বাসটিতে ভাঙচুর চালান। এতে বাসটির সাতজন যাত্রী আহত হয়েছেন। পরে বাসের লোকজন নেমে দোকানের মালিকসহ এক কর্মচারীকে ধরে বাসে তুলে নিয়ে যান। পুলিশ ঘটনার ব্যাপারে কিছুই জানে না বলে জানিয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর তিন পুলের মাথায় মেসার্স এ এস স্টোর নামের মুদির দোকানে পানি ঢুকে পড়ে। এতে দোকানটির মালামাল নষ্ট হয়। দোকানের মালিক এবং কর্মচারীরা পানি সেচ করে মালামাল রক্ষার চেষ্টা করছিলেন। ওই সময় রাস্তা দিয়ে যাওয়া মদিনা মোটর্স নামের শহর এলাকার একটি বাসের চলাচলের কারণে পানির চাপ দোকানমুখী হয় এবং প্রচুর পানি দোকানটিতে ঢুকে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে দোকানটির মালিক এবং কর্মচারীরা দুটি লাঠি নিয়ে তেড়ে গিয়ে বাসটি ভাঙতে শুরু করেন। এতে গাড়িটির কয়েকটি কাচ ভেঙে যায়। ভাঙা কাচের আঘাতে বাসের ৭ যাত্রী কমবেশি আহত হন। পরে যাত্রীরা নেমে দোকানের মালিক এবং কর্মচারীকে ধরে বাসে তুলে নিয়ে যান। পরে তাদেরকে মারধর করে এবং ক্ষতিপূরণের আশ্বাসে ছাড়া হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ঘটনার ব্যাপারে আমাদের কেউ জানায়নি, লিখিত অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।












