হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি এবং কমান্ড্যান্ট আর্টিলারি সেন্টার ও স্কুল ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম শামসুদ্দিন রানা।
উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ লে. কর্নেল মো. গোলাম মোর্শেদ, উপাধ্যক্ষ ও সহকারী প্রধান শিক্ষক। শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার প্রয়াসে এ মেলার আয়োজন করা হয়। মেলায় অংশ নেয় চট্টগ্রামের ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই তিনটি গ্রুপে বিভক্ত হয়ে ২৩০ টি প্রজেক্ট উপস্থাপন করে। বিচারক ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ এইচ রাশেদুল হোসাইন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অনিমেশ কুমার চক্রবর্তী ও চবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক। প্রজেক্ট উপস্থাপন ছাড়াও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে বিভিন্ন গ্রুপে প্রজেক্ট বিজয়ী, কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, অতিথিদের সম্মাননা প্রদান করা হয়। কলেজ অধ্যক্ষ সমাপনী বক্তব্যে বিজয়ীদের অভিনন্দন জানান। তিনি শুধুই বিজয় না অংশগ্রহণের মাধ্যমে শেখার আনন্দকে উপভোগ করার, জানার আগ্রহকে প্রসারিত করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি











