দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ১২ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল; বাকি ১১ জনের মধ্যে ছিল হামের উপসর্গ। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৮৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে সারাদেশে ৬ হাজার ২০৮ জনের হাম শনাক্ত হলো। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা ৪৫ হাজার ৪৯৮ জন। একই সময়ে দেশে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৭ জনের। এছাড়া হামের লক্ষণ নিয়ে মারা গেছেন ২৭৯ জন। এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১৩০ জনের মৃত্যু হয় ঢাকা বিভাগে; আর ৭৮ জনের মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বৃহস্পতিবার সকাল থেকে আগের দিন সকাল পর্যন্ত ১ হাজার ২৩৮ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন। এর মধ্যে এক হাজার ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে; ৫০৮ জন। সবচেয়ে কম ১১ জন ভর্তি হয়েছেন রংপুর বিভাগে।













