দেশে গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাম ও এই রোগের উপসর্গ নিয়ে গেল ১৫ মার্চ থেকে সারা দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৫৩। খবর বিডিনিউজের।
গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, এ সময়ে সারা দেশে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৪ জনের। এছাড়া হামের লক্ষণ নিয়ে মারা গেছে ৩৭৯ জন। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ১৫০ জন ঢাকায় মারা গেছে। আর ৭৮ জন মারা গেছে রাজশাহী বিভাগে। এছাড়া চট্টগ্রামে ৩৫, সিলেট ও ময়মনসিংহে ৩২ জন করে, বরিশালে ২৯, খুলনায় ১৯ ও রংপুর বিভাগে ৪ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে ১০৮ জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে ৯৬১ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসে; যাদের মধ্যে ৮৫২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৩৬০ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ২ জন ভর্তি হয়েছে রংপুরে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৫৬ হার ৫৭২ জন। এদের মধ্যে ৭ হাজার ৫২৪ জনের হাম শনাক্ত হয়েছে।













