মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চট্টগ্রামের আয়োজনে হাটহাজারী সরকারি কলেজের অডিটরিয়ামে “মাদকের বিরুদ্ধে সচেতনতা ও মাদকমুক্ত সমাজ গঠনে ছাত্র–শিক্ষকের ভূমিকা” শীর্ষক একটি মাদকবিরোধী সেমিনার গত ৪ মে সকালে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক মো: জাহিদ হোসেন মোল্লা। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো: সাইফুর রহমান, পুলিশ সুপার (কোম্পানী কমান্ডার) হাটহাজারী ক্যাম্প, র্যাব–৭, চট্টগ্রাম মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, উপজেলা নির্বাহী অফিসার, হাটহাজারী এবং প্রফেসর জাহিদ মাহমুদ, অধ্যক্ষ হাটহাজারী সরকারি কলেজ চট্টগ্রাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন হাটহাজারী সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ। উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, হাটহাজারী উপজেলাকে মাদকমুক্ত রাখতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। মূখ্য আলোচক মো: জাহিদ হোসেন মোল্লা তার বক্তব্যে বলেন, মাদকদ্রব্যের নানাবিধ ব্যবহার থাকলেও যথাযথ ব্যবহার না জানার কারণে অনেকে তা অপব্যবহার করে মাদকে আসক্ত হয়ে পড়ে। তিনি বলেন, কলেজ ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে মাদকমুক্ত থাকতে হবে। তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য আহবান জানান। অন্যান্য আলোচকগণ মাদকের ক্ষতিকর দিক ছাড়াও অন্যান্য সামাজিক অপরাধ বন্ধে বিস্তারিত আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহবান জানান। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রামেশ্বর দাস। প্রেস বিজ্ঞপ্তি।












