সোমালিয়ায় জঙ্গিদের হোটেল অবরোধ নিহত চার

| মঙ্গলবার , ২৯ নভেম্বর, ২০২২ at ৯:০৫ পূর্বাহ্ণ

 

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে একটি জনপ্রিয় হোটেল অবরোধ করে আল–শাবাব জঙ্গিদের হামলার ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছে। রোববার সন্ধ্যায় ভিলা রোজ হোটেলটি জঙ্গিদের অবরোধ মুক্ত করতে লড়াই চালায় সোমালিয়ার নিরাপত্তা বাহিনী। ১২ ঘণ্টারও বেশি সময়ের লড়াই চলাকালে ৪ জন নিহত হওয়া ছাড়াও কয়েক ডজন মানুষ আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা প্রেসিডেন্ট প্রাসাদের কাছের ওই হোটেল থেকে প্রচণ্ড গোলাগুলি এবং দফায় দফায় বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছেন বিবিসি–কে। খবর বিডিনিউজের। জঙ্গি গোষ্ঠী আল কায়েদার অনুসারী আল–শাবাব জঙ্গি দল হামলা চালানোর দায় স্বীকার করেছে। ভিলা রোজ হোটেলটি সরকারি কর্মকর্তাদের কাছে পছন্দের। হোটেলটি থেকে কয়েকজন মন্ত্রীকে উদ্ধার করা হয়েছে। তবে একজন মন্ত্রী হামলার ঘটনায় আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে এবং আরেকজন মন্ত্রী পরিবেশমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, তিনি হামলা থেকে প্রাণে বেঁচেছেন। আল শাবাবের দখল করা এলাকাগুলো সমপ্রতি সোমালিয়ার সরকার সেনারা আফ্রিকান ইউনিয়ন বাহিনী এবং স্থানীয় মিলিশিয়াদের সহায়তায় পুনরুদ্ধার করা শুরু করার পরও এই জঙ্গি গোষ্ঠীটি দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৭.৩২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধবিদ্যুৎ গ্রিডে রুশ হামলা গণহত্যার শামিল : ইউক্রেন