সুসেন কান্তি দাশের ‘ছোটোদের সূর্য সেন’

টুম্পা পাল | সোমবার , ২৪ আগস্ট, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

নতুন আলোর মুখ দেখা সাম্প্রতিক বইগুলোর মধ্যে ‘ছোটোদের সূর্য সেন’ অন্যতম। এই বইটি বৃটিশ বিরোধী আন্দোলনের পুরোধা মাষ্টার দাদা সূর্য সেনের জীবন আচরণ ও দেশের জন্য তার মহান আত্মত্যাগের কথা বিশদভাবে প্রকাশ পেয়েছে।

গ্রন্থের লেখক সুসেন কান্তি দাশ মহান মানুষ সূর্য সেনের সৃষ্টি কর্মকে বাইশটি অধ্যায়ে লিখেছেন। যা নতুন প্রজন্মকে বিশেষভাবে উৎসাহিত করে।

প্রথম ভাগে ইংরেজদের কবলে আটকে থাকা ভারতবর্ষের স্বাধীনতা আর এদের বিরোধিতা করতে ঘনকালো রাতের আঁধার কাটিয়ে জেগে ওঠা সূর্যের সাথে তুলনা করা হয়েছে। লেখক লিখেছেন ভারতীয় উপমহাদেশ ছিলো প্রচুর প্রাণ ঐশ্বর্যে ভরা একটি রূপকথার দেশের অনুরূপ। এদেশের স্বাধীনতা কেড়ে নেয়া ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হওয়া বীরের ভিড়ে মাষ্টারদা সূর্য সেন এর মত মহান ত্যাগী নেতা বিশ্ববাসীর মাঝে আলোচনার কেন্দ্র হয়ে দেখা দেয়।

ইংরেজদের আগমনের কারণ ও ফল অংশে এদেশের রূপ ঐশ্বর্যে ভরা বাংলার আগের কথা প্রকাশ করেছেন।

আলোচনার সূত্র ধরে সূর্য সেনের শৈশব কৈশোরের কথা ব্যাপক প্রকাশ পেয়েছে। ১৮৮৪ সালের ২২ মার্চ সূর্য সেনের জন্ম হয় চট্টগ্রামের নোয়াপাড়ায়। ছোটবেলা থেকে তার ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদমুখর তার মনোভাবের যথাযথ প্রকাশ করেছেন লেখক। মাস্টারদা কীভাবে সাদাসিধে জীবন যাপন আর শিক্ষকতার পাশাপাশি বৃটিশ বিরোধী আন্দোলনে সোচ্চার হয়েছেন তা লেখা হয়েছে।

বাংলার মানুষকে বৃটিশ মুক্ত করার জন্য সূর্য সেন কীভাবে তার কঠিন জীবন যাত্রা করেছেন লেখক তা প্রকাশ করেছেন গভীর মমতায়। বিদ্রোহীদের মাঝে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ও বিদ্রোহী কবি নজরুলের প্রভাব কেমন করে প্রকাশ করেছেন তাও প্রকাাশ করেছেন। বিপ্লবী দলে নারী বিপ্লবী প্রীতিলতা ও কল্পনা দত্তের অংশগ্রহণ ও মহান আত্মত্যাগের ভেতর দিয়ে বাংলার প্রতিবাদী নারীর স্বরূপ প্রকাশ করেছেন অন্যরূপে। ক্রমে বিপ্লবীদের গোপন মিশন ও নির্ভুল আক্রমণের কথা লিখেছেন বিশদভাবে। ইংরেজরা যখন তাদের ক্লাবের বাইরে বড়ো হরফে লিখেছিলো– ‘কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ’, তখন বিপ্লবীরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন অত্যন্ত দক্ষতায়। লেখক তারও প্রকাশ করেছেন। ইংরেজরা সূর্য সেনের কথা শুনলে কেঁপে উঠতে শুরু করে। একদিন তাকে ধরিয়ে দেয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হলো। সেই ফাঁদে পা রাখলো এক বিপ্লবীর লোভাতুর ভাই নেত্র সেন। সে কৌশলে মাস্টারদাকে ধরিয়ে দিয়েছিলো। পরবর্তীতে দলের অন্য বিদ্রোহীরা তার চরম জবাব দিয়েছিলো। লেখক সুসেন কান্তি দাশ তারও চমৎকার আলোচনা করেছেন। পরবর্তীতে মাস্টারদার বন্দী জীবন, তার ফাঁসি কার্যকর হওয়ার সমুদয় বিষয় লেখক লিখেছেন। বলতে গেলে এক মহান আত্মত্যাগী বিপ্লবী সূর্য সেনের জীবন আচরণের ভেতর দিয়ে লেখক নতুন প্রজন্মকে নতুন কিছু বোঝানোর সার্বিক চেষ্টা করেছেন। বইটি প্রকাশ করেছেন সাত ভাই চম্পা প্রকাশনী। প্রকাশক নিলুফা ইয়াসমিন। বইটির মূল্য চারশত টাকা। বইটি প্রকাশ পেয়েছে ফেব্রুয়ারি ২০২৫ সাল। বইটি আগামী প্রজন্মের জন্য সম্ভাবনার দ্বার উন্মোচন করার দাবিদার।

লেখক : সাহিত্যকর্মী

পূর্ববর্তী নিবন্ধঅন্যের আলোয় কেন জ্বলে ওঠে হিংসার আগুন
পরবর্তী নিবন্ধ‘বায়োস্কোপ’ : বিস্মৃতপ্রায় লোকঐতিহ্য