সীতাকুণ্ডে দাদার সাথে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে গিয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হতভাগ্য শিশুটির নাম মো. ইয়াসিন আরাফাত (৯)। গতকাল শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাটের কনফিডেন্স সিমেন্ট কারখানা সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। শিশু আরাফাত ওই এলাকার বাসিন্দা মো. সেকান্দর হোসেনের ছেলে। সে স্থানীয় ইমাম হোসেন সুন্নীয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালের দিকে শিশু আরাফাত তার দাদার সাথে গোসল করতে পুকুরে যায়। এক পর্যায়ে নাতিকে ঘাটে দাঁড় করিয়ে দাদা পুকুরে নেমে ডুব দিতে থাকেন। কিন্তু তার অজান্তে পুকুরে পড়ে ডুবে যায় নাতি। এদিকে দাদা নাতিকে পুকুর ঘাটে দেখতে না পেয়ে তিনি মনে করেন, নাতি হয়তো ঘরে চলে গেছে। পরে তাকে নানা জায়গায় খোঁজ করে পরিবারের সদস্যরা। প্রায় একঘণ্টা পর পুকুরের পানিতে ভেসে ওঠে শিশু আরাফাতের মরদেহ। বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির বাবা মো. সেকান্দর হোসাইন।
পেকুয়া : কক্সবাজারের পেকুয়ায় খালার বাড়ির পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার পূর্ব বাইম্যাখালী এলাকায় এ ঘটনা ঘটে। শিশু ফাহিয়া (৭) বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বাসিন্দা মো. শফির কন্যা। ফাহিয়া পেকুয়া সদর পূর্ব বাইম্যাখালী এলাকায় খালা বাড়িতে একটি নূরানী মাদ্রাসায় লেখাপড়া করতো।
খালা ছালেহা বেগম জানান, শুক্রবার নূরানী মাদ্রাসা বন্ধ থাকায় ফাহিয়া অন্য ছেলেমেয়েদের সাথে খেলতে জমির হোসেনের বাড়িতে যাওয়ার পথে পুকুরে পড়ে যায়। এসময় পাশের বাড়ির লোকজন ফাহিয়াকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পুকুর থেকে তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার মৃত ঘোষণা করে।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান জানান, জুমার আগে ফাহিয়া নামে একটি শিশুর নিথর দেহ হাসপাতালে নিয়ে আসে আত্মীয়রা। শিশুটি পানিতে ডুবে মারা যায়।














