সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়নে বার আউলিয়া এলাকায় বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল বসতঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে আলমিরার তালা ভেঙে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
গত বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকার সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন ভূঁইয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাত দল তাহেরা বেগম নামে বৃদ্ধকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে তাহেরা বেগমের মেয়ে ইসরাত সুলতানা বাদী হয়ে অজ্ঞাত নামা ৭–৮ জনকে আসামি করে সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করেন। ইসরাত সুলতানা জানান, মাগরিবের সময় আমি এবং মা ঘরের দরজা খুলে নামাজ পড়ছিলাম। ঠিক তখন কয়েকজন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে প্রথমে আমাকে ও আমার মায়ের চোখ–মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলে। এরপর আমাদের দুইজনকে একটি রুমে আটকে রাখে। এরপর আলমিরার চাবি দিতে বলে তারা। চাবি দিতে দেরী হওয়ায় তারা আমার বৃদ্ধ মাকে ছুরিকাঘাত করে জখম করে। তারা আলমিরা ভেঙে ১৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। শুধু তাই নয় ডাকাত দল ঘরের কয়েকটি আলমিরার কাপড় ও অন্যান্য জিনিসপত্র তছনছ করে ফেলে। এরপর জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল করা হলে খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই মো. ফয়েজ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলাম বলেন, ভুক্তভোগী পরিবার অজ্ঞাত ৭–৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।












