লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকায় বন্যার পানিতে আটকে প্রসববেদনায় কাতরাচ্ছিলেন মিজবাহুল জান্নাত (২২) নামে এক অন্তঃসত্ত্বা নারী। সে ওই এলাকার প্রবাসী রিয়াজ উদ্দিনের স্ত্রী। চারদিকে পানি থাকায় তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছিল না। এমন সংকটময় মুহূর্তে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে লোহাগাড়া ফায়ার সার্ভিস। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। কোথাও বুক সমান, কোথাও হাঁটুসমান পানি পেরিয়ে প্রায় এক কিলোমিটার পথ হেঁটে তারা ওই নারীকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে নিরাপদে হাসপাতালে ভর্তি করা হয়।
প্রসূতির পরিবারের সদস্যরা জানান, গত বুধবার দিনগত রাত ২টার দিকে মিজবাহুলের প্রসববেদনা শুরু হয়। বাড়ি থেকে উপজেলা সদর হাসপাতালের দূরত্ব মাত্র দুই কিলোমিটার হলেও টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে পুরো সড়ক তলিয়ে যাওয়ায় তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছিল না। ঘণ্টার পর ঘণ্টা অসহনীয় যন্ত্রণায় কাটানোর পর সকালে পরিবারের সদস্যরা লোহাগাড়া ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কোথাও বুক সমান, কোথাও হাঁটুসমান পানি পেরিয়ে স্ট্রেচারে করে তাকে নিরাপদ স্থানে নিয়ে আসেন। পরে অ্যাম্বুলেন্সে করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে প্রসূতি বাচ্চা প্রসব করেন। বর্তমানে মা আর বাচ্চা উভয়ই সুস্থ আছেন বলে জানান তারা।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, খবর পাওয়ার পরপরই একটি উদ্ধারকারী টিম ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় দেড় ঘণ্টা অভিযানের মাধ্যমে প্রসববেদনায় কাতর ওই নারীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। আগে থেকেই নিরাপদ স্থানে প্রস্তুত রাখা হয়েছিল একটি অ্যাম্বুলেন্স। পানিতে তলিয়ে যাওয়া পথ পেরিয়ে উদ্ধারকারীরা স্ট্রেচারে কাঁধে বহন করে তাকে অ্যাম্বুলেন্সে তোলেন। পরে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।











