তিন উপজেলায় বন্যার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাটহাজারী, আনোয়ারা ও চকরিয়ায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।
আমাদের হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারীতে বন্যার পানিতে ডুবে অনিকেত দাস নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৌরসভার মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে। সে স্থানীয় আশিষ কুমার দাসের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, হাটহাজারীতে টানা বর্ষণে বন্যার সৃষ্টি হয়েছে। গতকাল পরিবারের লোকজন অজান্তে অনিকেত খেলতে গিয়ে বাড়ির পাশে বন্যার পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করার সময় পানিতে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারায় ভারী বর্ষণে বাড়ির পাশের জমির পানিতে ডুবে মো. ইশতিয়াক নামের ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১২ টায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের নলদিয়া গ্রামের হাসান সর্দ্দারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ইশতিয়াক স্থানীয় মো. ইদ্রিসের ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে ইশতিয়াক ঘর থেকে বের হয়। দুপুরে ঘরে ফিরতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের জমির পানি থেকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অনিন্দিতা জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। চকরিয়া প্রতিনিধি জানান, চকরিয়ায় অতি ভারি বর্ষণ ও মাতামুহুরী নদীতে নেমে আসা উজানের ঢলের পানি ঢুকে পড়ে বাড়ির ভেতরও। সেই ঢলের পানিতে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে আড়াই বছরের এক শিশুর। গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলার মাতামুহুরী নদীবিধৌত কাকারা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মাইজ কাকারা গ্রামের সুলতান আহমদের বাড়ির ভেতর এ ঘটনা ঘটে। মারা যাওয়া আড়াই বছর বয়সী শিশুর নাম মোহাম্মদ ওয়াকিম। সে মাইজপাড়া গ্রামের সুলতান আহমদের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাকারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, ভয়াবহ এই বন্যায় কয়েকফুট পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। এজন্য শিশু এবং বয়স্কদের ব্যাপারে সতর্ক না থাকলে এমন দুর্ঘটনা ঘটতেই থাকবে।











