সিরিজ বাঁচাতে জয়ে চোখ বাংলাদেশের

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে আজ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

কথিত অনভিজ্ঞ সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে হেরে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাই সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়। খেলা দেখাবে টিস্পোর্টস,নাগরিক টিভি এবং ট্যাপমেড। প্রথম ম্যাচ হেরে সিরিজে ১০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য তাই বাঁচামরার লড়াইয়ে পরিণত হয়েছে। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ২৪৮ রানের টার্গেট স্পর্শ করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ৪৮.৩ ওভারে ২২১ রানে অলআউট হয় টাইগাররা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। তিনি বলেন, ‘ আশা করি পরের ম্যাচে ব্যাটাররা নিজেদের সেরাটা দিবে এবং দলের জন্য অবদান রাখবে।’ ব্যাটারদের ওপর চাপ কমাতে বল হাতে আরও উন্নতির কথা বলেন শরিফুল, ‘প্রথম ম্যাচে আমরা যদি আরো ভালো বোলিং করতে পারতাম, তাহলে ব্যাটারদের জন্য কাজ আরও সহজ হতো। আশা করি, বোলিং ইউনিট হিসেবে আমরা আরও ভালো পারফর্ম করে ব্যাটারদের কাজ সহজ করে দেব।’ মোস্তাফিজুর রহমানের ইনজুরিতে শেষ মুহূর্তে একাদশে সুযোগ পান শরিফুল। একাদশে সুযোগ পেয়ে ২২ গজে নিজের সেরাটা উজার করে দিয়েছেন তিনি। ১০ ওভার বল করে ২৭ রানে ২ উইকেট নেন ২০২৪ সালের ডিসেম্বরের পর ওয়ানডে খেলতে নামা শরিফুল। শরিফুলের পাশাপাশি বল হাতে দারুণ পারফরমেন্স করেন দলের অন্যান্য বোলাররাও।

এদিকে মূল খেলোয়াড়দের অনেককে বাদ দিয়ে প্রায় নতুন একটা দল নিয়ে প্রথম ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আছে নিউজিল্যান্ড। জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজ জয় নিশ্চিত করতে চায় ব্ল্যাকক্যাপসরা। নিউজিল্যান্ড পেসার ন্যাথান স্মিথ বলেন, ‘আমাদের জন্য এই সিরিজ জয় হবে অনেক বড় অর্জন। আমরা এখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে ভাল পারফরমেন্স করতে চাই। এই সিরিজের সাফল্য দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আত্মবিশ্বাস জোগাবে।’ তিনি আরও বলেন, ‘এই গরমে প্রথমে বোলিং করা কঠিন। ছোটছোট স্পেলে এবং দলীয় বোঝাপড়াই হবে মূল চাবিকাঠি। টস গুরুত্বপূর্ণ হবে। প্রথমে ব্যাট করে প্রতিপক্ষকে লক্ষ্য ছুঁড়ে দিয়ে চাপে রাখাই সঠিক সিদ্ধান্ত হবে।’ ২০২৩ সালে বাংলাদেশের মাটিতে সর্বশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২০ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড। যা ছিল ২০০৮ সালের পর বাংলাদেশের মাটিতে কিউইদের প্রথম সিরিজ জয়। সব মিলিয়ে ৪৭ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এরমধ্যে নিউজিল্যান্ড ৩৫ এবং বাংলাদেশ ১১ ম্যাচে জয় পেয়েছে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

পূর্ববর্তী নিবন্ধফ্লাইওভারের রেলিংয়ে ঝুলছিলেন যুবক, পৌনে এক ঘণ্টা পর উদ্ধার
পরবর্তী নিবন্ধট্রাকের সঙ্গে ঘষা লেগে পর্যটক এক্সপ্রেসের ১০ দরজা ক্ষতিগ্রস্ত