সারাদেশে হামে শিশুমৃত্যুর ঘটনায় দায়ীদের বিচারের সম্মুখীন এবং শিশুমৃত্যু রোধে অবিলম্বে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবিতে গতকাল শুক্রবার বিকাল ৫ টায় সিনেমা প্যালেস চত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহার সভাপতিত্বে এবং সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া’র সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মো. শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জাহাঙ্গীর, সিপিবি চট্টগ্রাম জেলা কমিটি সম্পাদক মণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী, সিপিবি সীতাকুণ্ড থানার সভাপতি জহির উদ্দীন মাহবুব, কোতোয়ালী থানার সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী প্রমুখ। দেশে হামের প্রাদুর্ভাব এবং শিশু মৃত্যুর ক্রমবর্ধমান ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, সামপ্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় হামে আক্রান্ত হয়ে বহু শিশুর মৃত্যু জনমনে চরম উৎকণ্ঠা সৃষ্টি করেছে। শিশুদের টিকাদান কার্যক্রমে অব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবায় সমন্বয়হীনতা এবং প্রয়োজনীয় সচেতনতামূলক উদ্যোগের ঘাটতির কারণেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে টিকা পৌঁছানোর সীমাবদ্ধতা, স্বাস্থ্যকর্মীর সংকট এবং চিকিৎসা সুবিধার অপ্রতুলতা এ সংকটকে আরও তীব্র করেছে। বক্তারা আরো বলেন, হাম রোগের টিকা কার্যক্রমে ঘাটতির কারণে দেশে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে।












