বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা পর্যায়ে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে গতকাল বৃহস্পতিবারের খেলায় টিম সিকেএসপি এবং সানোয়ারা ইসলাম বয়েজ স্কুল জয়লাভ করেছে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় চট্টগ্রাম ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (সিকেএসপি) স্কুল এন্ড কলেজ ৬ উইকেটে মোহাম্মদপুর পাবলিক স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। টসে জিতে মোহাম্মদপুর প্রথমে ব্যাট করে। ৩১.১ ওভারে সব উইকেট হারিয়ে তারা ৫৭ রান করে। দলের সর্বোচ্চ রান ছিল অতিরিক্ত ৩৩। ২৯টি ওয়াইড দেন সিকেএসপির বোলাররা। এনামুল ইসলাম ৬ রান দিয়ে ৪টি উইকেট পান। জবাবে সিকেএসপি ১৫.৫ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ৫৮ রান তুলে নেয়। দলের এনামুল ইসলাম অপ. ২৬ এবং জাহিদুল ইসলাম ১৮ রান করেন।
সাগরিকার মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় সানোয়ারা ইসলাম বয়েজ স্কুল ৬ উইকেটে কাট্টলী নুরুল হক চৌধুরী হাই স্কুলকে পরাজিত করে। টসে হেরে কাট্টলী প্রথমে ব্যাট করতে নামে। ৩৬.৩ ওভার খেলে ১১০ রান সংগ্রহ করে তারা অলআউট হয়। দলের আফনান চৌধুরী ৩০,শাওন দাশ ২৯,রবিউল হাসান ১৬ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৩ রান। সানোয়ারার পক্ষে আজমাইন ইকতেদার ৩টি, আবদুল্লাহ আল সাইদ ও মো. সোহেল ২টি করে উইকেট নেন। জবাবে সানোয়ারা ইসলাম বয়েজ স্কুল ২৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১১ রান তুলে নেয়। দলের ইহতেশাম সাজিত অপ.৩৭ এবং আজমাইন ইকতেদার অপ. ২১ রান করেন। এর আগে মো. ফয়সাল ১৬ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৪ রান। কাট্টলীর আহনাফ তাহমিদ ২টি উইকেট পান।










