সামুদ্রিক জনশক্তির দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে গুরুত্ব

আজাদী প্রতিবেদন | রবিবার , ৭ জুন, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

সামুদ্রিক জনশক্তির দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন এবং পরিবেশসম্মত জাহাজ পুনর্ব্যবহার নিশ্চিত করতে কার্যকর নীতি প্রণয়ন ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন সামুদ্রিক খাতের বিশেষজ্ঞরা। গতকাল শনিবার নগরীর সল্টগোলায় ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট (এনএমআই) অডিটোরিয়ামে ইনস্টিটিউট অব মেরিন ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইমারেস্ট) বাংলাদেশ শাখা আয়োজিত সেমিনারে বক্তারা এ প্রসঙ্গে কথা বলেন।

সমুদ্রযাত্রা পেশার ভবিষ্যৎ টেকসইতা’ এবং ‘পরিবেশগতভাবে দায়িত্বশীল জাহাজ পুনর্ব্যবহার’ বিষয়ে আয়োজিত সেমিনারে মেরিন ইঞ্জিনিয়ার, মাস্টার মেরিনার, সামুদ্রিক শিক্ষাবিদ, শিপিং পেশাজীবী, শিল্পখাতের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক মেরিন ক্যাডেট অংশ নেন।

সেমিনারে ‘মিনিমাম ক্যাডেট কমপ্লিমেন্ট সার্টিফিকেট সিকিউরিং সিফেয়ারার্স ফিউচার’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কমান্ড্যান্ট (অব.) সাজিদ হোসেন। তিনি বলেন, বিদ্যমান সেফ ম্যানিং সার্টিফিকেটের পাশাপাশি প্রস্তাবিত মিনিমাম ক্যাডেট কমপ্লিমেন্ট সার্টিফিকেট চালু করা হলে জাহাজে প্রশিক্ষণরত ক্যাডেটদের জন্য পর্যাপ্ত সমুদ্র প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত হবে। একই সঙ্গে ভবিষ্যৎ জাহাজ কর্মকর্তা তৈরিতে দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেমিনারে ‘ইনভেন্টরি অব হ্যাজার্ডাস ম্যাটেরিয়ালস (আইএইচএম) অ্যান্ড ইটস ইমপ্যাক্ট অন শিপ রিসাইক্লিং’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন মেরিন ইঞ্জিনিয়ার এম মাহবুবুর রহমান। তিনি জাহাজের পুরো জীবনচক্রজুড়ে বিপজ্জনক উপাদান শনাক্তকরণ, নথিভুক্তকরণ এবং যথাযথ ব্যবস্থাপনায় আইএইচএমের গুরুত্ব তুলে ধরেন।

সেমিনারে বাংলাদেশ মেরিন একাডেমি, মেরিন ফিশারিজ একাডেমি এবং মাস মেরিন একাডেমির প্রশিক্ষণরত ক্যাডেটরা অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন আইমারেস্ট বাংলাদেশ শাখার সহকারী সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার আতীকুর রহমান চৌধুরী। সমাপনী অনুষ্ঠানে সংগঠনের ভাইস চেয়ারম্যান মেরিন ইঞ্জিনিয়ার আবদুল্লাহ এম ফেরদৌস খান বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধপারকি-সিইপিজেড এলাকায় পরিচ্ছন্নতা অভিযান প্যাসিফিক নীট ডিভিশনের
পরবর্তী নিবন্ধপরিবেশের ভারসাম্য রক্ষায় শুধু বৃক্ষরোপণ নয়, প্রয়োজন বনায়ন