সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান, যা পাওয়া গেল

| রবিবার , ১৯ জুলাই, ২০২৬ at ৪:২৮ অপরাহ্ণ

বিদেশে বিপুল সম্পদ ও বিলাসবহুল জীবন যাপনের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের বিলাসবহুল ফ্ল্যাটে আদালতের আদেশে এবার অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদক।

রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে আদালতের আদেশে গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ২টি ফ্ল্যাটে অভিযান চালায় দুদক। এসময় ভেতরে থাকা বিভিন্ন আসবাব, মূল্যবান সামগ্রী ও অন্যান্য সম্পদের ইনভেন্টরি বা তালিকাকরণ কার্যক্রম শুরু হয়।

দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী ফ্ল্যাটের ভেতরে থাকা বিভিন্ন জিনিসপত্রের ইনভেন্টরি কার্যক্রম শুরু করা হয়েছে।

২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ ওঠে। একই বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। পরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলাও দায়ের করে সংস্থাটি।

দুদকের উপ-পরিচালক জানান, সাইফুজ্জামান চৌধুরী বেশির ভাগ জিনিস সরিয়ে ফেলেছে। তবে এখান থেকে তদন্তের অনেক ক্লু পাওয়া যাবে। ৫টি দামি গাড়ির চাবি পাওয়া গেছে। সাত-আট টি দামি ঘড়ির প্যাকেট পাওয়া গেছে।

সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন ফ্ল্যাট দুটো এতদিন তালাবদ্ধ ছিলো উল্লেখ করে তিনি জানান, এখন থেকে এটি দুদকের সম্পদ বিভাগের আওতায় থাকবে।

দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান আরও জানান, ১০ হাজার কোটি টাকার সম্পদ বিশ্বের ৯টি দেশে পাঠানো হয়েছে। দুদকে এখন পর্যন্ত ৩০টি মামলা হয়েছে। তাছাড়া কর্মচারীকে মালিক সাজিয়েও প্রতারণা করা হয়েছে বলে জানান তিনি।

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

পূর্ববর্তী নিবন্ধবাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে নিখোঁজ বিএনপি নেতা
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগে নবীন বরণ