চন্দনাইশে হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২৬ at ৬:৩৫ অপরাহ্ণ

চন্দনাইশের দোহাজারীতে হামে আক্রান্ত হয়ে ৭ম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম রাইসা তানিয়া রাধিকা (১৪)। সে দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

জানা যায়, দোহাজারী পৌরসভার জামিজুরী ঘোড়াপাড়া এলাকার মোহাম্মদ আলীর মেয়ে রাইসা তানিয়া রাধিকা খুবই মেধাবী ছাত্রী ছিল। আনুমানিক ২০ থেকে ২৫ দিন আগে রাইসা হামে আক্রান্ত হয়ে স্থানীয় হাসপাতাল ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। অবশেষে গত ১৪ অক্টোবর দুপুরে রাইসা নগরীর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তিন ভাই-বোনের মধ্যে রাইসা ছিল সবার ছোট।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী জানান, রাইসা ছিল অত্যন্ত প্রাণচঞ্চল। সবাইকে আনন্দে মাতিয়ে রাখতো। শিক্ষকেরাও তাকে ভালোবাসতো এবং তার প্রশংসা করতো। প্রায় ২০ দিন আগে রাইসা অসুস্থ হলে চিকিৎসার পর কিছুটা সুস্থ্য হয়। পরে আবার হামে আক্রান্ত হলে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। গত ১৪ অক্টোবর তার মরদেহ গ্রামের বাড়ি ও স্কুল প্রাঙ্গনে নিয়ে আসলে আত্মীয়-স্বজন, সহপাঠি ও স্কুলের শিক্ষকরা কান্নায় ভেঙ্গে পড়েন। ওইদিন এশার নামাজ শেষে জামিজুরী গালিমের মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রাইসা তানিয়া রাধিকারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা ও সহমর্মিতা ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি শফিকুল ইসলাম রাহী, বিশিষ্ট বীমাকার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পরিষদ ও শিক্ষার্থীবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজে ‘সজীবতা’ রিফ্রেশমেন্ট জোন উদ্বোধন
পরবর্তী নিবন্ধতেলের মূল্য বৃদ্ধিতে বিকল্প হতে পারে জ্বালানী সাশ্রয়ী এক্সপ্যান্ডার এলপিজি