সাতকানিয়ায় ২ জনের কারাদণ্ড, ৮ এস্কেভেটর ও ১৬ ডাম্প ট্রাক বিকল

আবাদি জমির মাটি যাচ্ছিল ইটভাটায়

সাতকানিয়া প্রতিনিধি | বুধবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৪:০৮ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলার ঢেমশা ও নলুয়া ইউনিয়নের সীমান্তবর্তী নয়াখাল এলাকায় গভীর রাতে আবাদি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে দু’জনকে আটক করে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত ৮টি এক্সকেভেটর ও ১৬টি ডাম্প ট্রাক বিকল করে দেওয়া হয়।

গত সোমবার গভীর রাতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। এ সময় সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল উপস্থিত ছিল।

দণ্ডপ্রাপ্তরা হলেন চন্দনাইশ উপজেলার বাগিচাহাট এলাকার মো. আবুল হোসেনের ছেলে শাহাদাত হোসেন (২২) এবং একই উপজেলার দক্ষিণ গাছবাড়িয়া পালপাড়ার মুকুন্দ দাশের ছেলে তপন দাশ (৪৫)

ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ জানান, ঢেমশা ও নলুয়া ইউনিয়নের সীমান্তবর্তী নয়াখাল এলাকায় একটি সংঘবদ্ধ চক্র রাতের আঁধারে এঙকেভেটর দিয়ে আবাদি জমির মাটি কেটে ডাম্প ট্রাকে করে বিভিন্ন ইটভাটায় নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করা হয়। পাশাপাশি মাটি কাটার কাজে ব্যবহৃত ৮টি এঙকেভেটর ও ১৬টি ডাম্প ট্রাক বিকল করে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান বলেন, আটক দুই ব্যক্তি জিজ্ঞাসাবাদে মাটি কাটার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধ১৭ মাস পর কলকাতা থেকে ঢাকা হয়ে বাস গেল আগরতলা
পরবর্তী নিবন্ধহালিশহরে ছিনতাই, বিদেশি প্রতিষ্ঠানের কর্মী আহত