কর্মস্থলে যাওয়ার পথে নগরের হালিশহর থানার ছোটপুল এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন একটি বিদেশি প্রতিষ্ঠানে কর্মরত মো. মুরাদ হোসাইন নামে এক যুবক। গতকাল মঙ্গলবার ভোর সোয়া ৫টায় ছিনতাইয়ের শিকার হন তিনি। এ ঘটনায় হালিশহর থানায় অভিযোগ দিয়েছেন মুরাদ।
অভিযোগ সূত্রে জানা গেছে, মুরাদ কেইপিজেডে পার্ক বাংলাদেশ নামে একটি বিদেশি প্রতিষ্ঠানে কর্মরত। সকালে কর্মস্থলে যাওয়ার জন্য বের হলে ছোটপুল এলাকার দেওয়ান আলী মসজিদ সংলগ্ন শিশু কবরস্থানের সামনে তিন ছিনতাইকারীর কবলে পড়েন। মুরাদ জানান, তিন ছিনতাইকারীর হাতে লাঠি ও চাকু ছিল। তারা লাঠি দিয়ে হাতে আঘাত করে। এরপর তার মোবাইল ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের পর ছিনতাইকারীরা দ্রুত পাশের টিআই মোটরস সংলগ্ন গলি দিয়ে গলিতে পালিয়ে যায়। এদিকে অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হালিশহর থানার এসআই মো. গোলামুর রহমান। তিনি সাংবাদিকদের জানান, ওখানে যে সিসিটিভি রয়েছে সে দোকানটি বন্ধ ছিল। ফুটেজ পেলে ঘটনার সত্যতা যাচাই করা যাবে। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যে স্পটে মুরাদ ছিনতাইয়ের শিকার হয়েছেন সেখানে প্রায় এধরনের ঘটনা ঘটে।














