জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে সাজেদা ফাউন্ডেশনের সাতকানিয়া কেরানিহাট শাখায় সদস্যদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) স্থানীয় শাখা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চারা বিতরণ করা হয়। বাংলাদেশ সরকারের পরিবেশবান্ধব উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সাজেদা ফাউন্ডেশন সারা দেশে প্রায় ১ লাখ ৩০ হাজার চারা ১৫ হাজার উপকারভোগী সদস্যের মাঝে বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিভাগে প্রায় ৭ হাজার সদস্যের মাঝে ৪৫ হাজার চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রত্যেক সদস্যকে তাদের প্রয়োজন ও সক্ষমতা অনুযায়ী ন্যূনতম ৫টি থেকে সর্বোচ্চ ১৫টি পর্যন্ত চারা প্রদান করা হয়। এর মধ্যে প্রাথমিকভাবে ৩টি ফলদ, ১টি বনজ এবং ১টি ঔষধি গাছের চারা নিশ্চিত করা হয়েছে। ঢেমশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং অনুষ্ঠানের প্রধান অতিথি আবু তাহের সাজেদা ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, সবুজ প্রকৃতি রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নম্বর ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নেয়াজুর রহমান। এছাড়া সাজেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক (সূচনা) চট্টগ্রাম আবু রাশেদ, আঞ্চলিক ব্যবস্থাপক (বিবর্তন) চট্টগ্রাম বিপ্লব চন্দ্র দাশ, কৃষি ইউনিটের সমন্বয়ক নওরিন আক্তার, সিনিয়র এলাকা ব্যবস্থাপক (কৃষি ইউনিট মৎস্য) দেব কুসুম বড়ুয়া এবং এলাকা ব্যবস্থাপক কাজল কুমার কুন্ডসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আয়োজন সংশ্লিষ্টরা জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো সদস্যদের মধ্যে বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি করা, পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসম্পৃক্ততা বাড়ানো। শুধু চারা বিতরণেই সীমাবদ্ধ না থেকে, রোপণকৃত গাছের সঠিক পরিচর্যা ও সংরক্ষণে সদস্যদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহায়তা প্রদান করা হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।











