সাজেকে গভীর রাতে বজ্রপাত, প্রাণ গেল ৩ মাসের শিশুর

আহত একই পরিবারের ৬ জন

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ at ৯:০৮ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বজ্রপাতে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও ছয়জন আহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে সাজেকের ৪ নং ওয়ার্ডের বাঘাইহাট ডানে বাইবাছড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম উজ্জ্বল চাকমা। আহতরা হলেন প্রদীপ চাকমা (৫০), মায়া রানি চাকমা (৪৫), নয়ন চাকমা (২৫), রেশমি চাকমা (২০), জেরিং চাকমা (১৮) ও নিজুম চাকমা (১৫)। তারা সবাই একই পরিবারের সদস্য এবং সম্পর্কে মাবাবা, সন্তান ও পুত্রবধূ। মৃত শিশুটি নয়ন চাকমা ও রেশমি চাকমা দম্পতির সন্তান।

স্থানীয় ইউপি সদস্য দয়াধন চাকমা জানান, রাত তিনটার দিকে সবাই যখন ঘুমিয়ে ছিলেন, তখন ওই বসতবাড়িতে বজ্রপাত হয়। এতে ঘরে থাকা সবাই আহত হন। স্থানীয়দের ধারণা, বজ্রপাতের বিকট শব্দেই শিশুটির মৃত্যু হয়েছে। আহত ছয়জনকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পী চাকমা বলেন, ভোরে বজ্রপাতে আহত ছয়জন হাসপাতালে আসেন। চিকিৎসা শেষে পাঁচজন বাড়ি ফিরে গেছেন। বর্তমানে একজন ভর্তি আছেন, তিনিও আশঙ্কামুক্ত। নিহত শিশুটির বিষয়ে তিনি জানান, ধারণা করা হচ্ছে বজ্রপাতের বিকট শব্দে হার্ট অ্যাটাকে হয়ে শিশুটি মারা গেছে।

৩৬ নং সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, এটা খুবই মর্মান্তিক একটি ঘটনা। বাবা মায়ের কোলের শিশুটি মারা গেল বজ্রপাতে। পরিবারের সবাই এই ঘটনায় আহত হয়েছেন। আমি খোঁজখবর নিয়ে তাদের সহযোগিতা করার চেষ্টা করব।

পূর্ববর্তী নিবন্ধগরুচোর সন্দেহে রাউজানে বয়স্ক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে কারখানার ম্যানেজারসহ তিনজন গ্রেপ্তার, মামলা করলেন মা