গরুচোর সন্দেহে রাউজানে বয়স্ক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ at ৯:০৭ পূর্বাহ্ণ

রাউজানের রাঙামাটি সড়ক সংলগ্ন বাইন্যাপুকুর পাড় এলাকায় মৌসুমী গরু ব্যবসায়ীদের গরু রাখার স্থানে ঘোরাঘুরি করার সময় অজ্ঞাতনামা এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার ভোররাতে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রুদ্র পল্লীর মাঠ থেকে নিহতের মরদেহ গতকাল সোমবার দুপুরে উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকার জনসাধারণ সূত্রে জানা যায়, একটি ফেসবুক আইডির লাইভ ভিডিওতে ওই ব্যক্তিকে ইটভাঙার একটি যন্ত্রের সাথে বেঁধে লাটিসোটা দিয়ে পিটাতে দেখা গেছে। পিটানোর সময় ভিডিওতে গরু চোর সম্বোধন করার আওয়াজ শোনা যায়। অবশ্য সকালে ফেসবুক থেকে সেই ভিডিও মুছে ফেলা হয়। মৌসুমী গরু ব্যবসায়ীদের কেয়ারটেকার মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, রাতে গরুর শেডের পাহারায় ছিল সাব্বির ও কেফায়েতসহ কয়েকজন। আমি রাতে ছিলাম না। আমার ডিউটি দিনের বেলায় থাকায় ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না। সকালে এসে ঘটনা জেনেছি। শফিউল আলম নামে এক ব্যক্তি বলেছেন, গত এক সপ্তাহ ধরে লোকটিকে বাইন্যাপুকুর পাড় ও চারাবটতল বাজার এলাকায় ঘুরাঘুরি করতে দেখেছি। আমার মনে হয়েছে আনুমানিক ৬০ বছর বয়সী এই লোকটি মানসিক ভারসাম্যহীন ভবঘুরে শ্রেণির।

ঘটনাস্থলের কাছে থাকা এক বাড়ির মালিক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেছেন, ভোর চারটার দিকে লোকজনের শোরচিৎকার শুনেছি। তখন আঁধার থাকায় ভয়ে ঘর থেকে বের হইনি। তিনি বলেন, আমার ঘরের বাইরে সিসিটিভি রয়েছে। পুলিশ সেই ফুটেজ সংগ্রহ করেছে। থানার কর্মরত এক পুলিশ কর্মকর্তা স্বীকার করেছেন, জিজ্ঞাসাবাদের জন্য রাউজান সদর ইউনিয়নের হরিশঁখান পাড়া গ্রামের আবদুল সালামের পুত্র মোহাম্মদ রায়হান (৩২) ও একই এলাকার শফিকুর রহমানের পুত্র জয়নাল আবেদিনকে (৫০) আনা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান ঘটনা প্রসঙ্গে বলেছেন, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় কারা জড়িত সনাক্তের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধফোন কানে নিয়েই টেক্সির স্টিয়ারিং, প্রাণ গেল যাত্রীর
পরবর্তী নিবন্ধসাজেকে গভীর রাতে বজ্রপাত, প্রাণ গেল ৩ মাসের শিশুর