কমনওয়েলথ গেমসে দারুণ লড়াই করেও ফাইনালে উঠতে পারেননি বাংলাদেশের দুই সাঁতারু সামিউল ইসলাম রাফি ও কাজল মিয়া। নিজ নিজ ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স দেখালেও টাইমিংয়ের ব্যবধানে শেষ পর্যন্ত বাদ পড়তে হয়েছে তাদের। পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে প্রথম হিটে অংশ নেন সামিউল ইসলাম রাফি। শুরু থেকেই জমে ওঠা লড়াইয়ে তিনি ৫২.৪৯ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। মাত্র ০.০৩ সেকেন্ড এগিয়ে থেকে ৫২.৪৬ সেকেন্ড সময় নিয়ে হিটে প্রথম হন সামোয়ার জে. স্টিকল্যান্ড। একই হিটে পাকিস্তানের এইচ. আসিফ ৫৩.৪৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন। হিটে দ্বিতীয় হলেও সামগ্রিক টাইমিংয়ের ভিত্তিতে দ্রুততম সাঁতারুদের তালিকায় জায়গা না পাওয়ায় ফাইনালে ওঠা হয়নি রাফির। অন্যদিকে, পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে বাংলাদেশের হয়ে অংশ নেন কাজল মিয়া। তিনি নিজের হিটে ২ মিনিট ১২.৫২ সেকেন্ড সময় নিয়ে ষষ্ঠ স্থান অর্জন করেন। এই ইভেন্টে হিটগুলো মিলিয়ে দ্রুততম আটজন সাঁতারু ফাইনালে জায়গা করে নেন।
তবে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াই করেও সেই তালিকায় জায়গা করে নিতে পারেননি কাজল। কাজলের হিটে অস্ট্রেলিয়ার এইচ. টার্নার ১ মিনিট ৫৬.৪৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন। নিউজিল্যান্ডের এল. ক্লেয়ারবার্ট ১ মিনিট ৫৭.৩৫ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় এবং কানাডার বি. লোয়েন ১ মিনিট ৫৮.৮৭ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন।












