সবুজ অর্থায়নের প্রসার দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে

হিটের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনীতে ড. মাহবুবুর রহমান

| মঙ্গলবার , ৯ জুন, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, টেকসই শিল্পায়ন নিশ্চিত করতে উদ্ভাবনী অর্থায়ন ব্যবস্থা ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অপরিহার্য। সবুজ অর্থায়নের প্রসার এবং টেকসই উৎপাদন ও পরিবেশবান্ধব বিনিয়োগ দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করবে। তিনি আশা প্রকাশ করেন, এ প্রকল্প দেশের সবুজ অর্থায়ন শিক্ষা ও টেকসই উৎপাদন ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ডের আওতাধীন উপপ্রকল্প ‘অ্যাডভান্সিং গ্রিন ফাইন্যান্সিং এডুকেশন অ্যান্ড ইন্ডাস্ট্রি প্র্যাকটিসেস ফর সাসটেইনেবল ম্যানুফ্যাকচারিং গ্রোথ’এর সাবপ্রকল্প ব্যবস্থাপনা দলের ৩ দিনব্যাপী সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কক্সাজারের একটি হোটেলে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি সমপ্রতি সম্পন্ন হয়েছে।

প্রকল্পের উপপ্রকল্প ব্যবস্থাপক অধ্যাপক ড. আবদুল্লাহিল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও প্রকল্পের সহযোগী উপপ্রকল্প ব্যবস্থাপক প্রফেসর ড. নেজামুল হক এবং উপপ্রকল্প ব্যবস্থাপনা দলের সদস্য ও ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী অধ্যাপক ড.শাহানারা বাশার।সভাপতির বক্তব্যে প্রফেসর ড. আবদুল্লাহিল মামুন বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা প্রকল্প বাস্তবায়নকে আরও কার্যকর করবে এবং প্রকল্পের ফলাফল দীর্ঘমেয়াদে টেকসই রাখতে সহায়তা করবে। তিনি প্রকল্পসংশ্লিষ্টদের অর্জিত অভিজ্ঞতা বাস্তব কাজে প্রয়োগের আহ্বান জানান।

প্রশিক্ষণ কর্মসূচির বিভিন্ন সেশনে রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের পরিচালক (প্রশিক্ষণ) অধ্যাপক ড. মোহাম্মদ তাজুল ইসলাম। বক্তব্য রাখেন প্রকল্পের সহযোগী উপপ্রকল্প ব্যবস্থাপক প্রফেসর ড. নেজামুল হক এবং উপপ্রকল্প ব্যবস্থাপনা দলের সদস্য ড. শাহানারা বাশার। তারা প্রকল্পের লক্ষ্য ও সম্ভাব্য প্রভাব সম্পর্কে আলোকপাত করেন এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। তারা অর্জিত জ্ঞান ও দক্ষতার কার্যকর প্রয়োগের অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে কৃষি খাতের উন্নয়নে ভলান্টিয়ার সংগ্রহের সূচনা
পরবর্তী নিবন্ধজাতির প্রত্যাশা পূরণের চেষ্টা করছে বিএনপি