শ্রমিকদের রক্তে ফ্যাসিবাদের পতন ত্বরান্বিত হয়েছে– বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে শ্রমিকদের ভূমিকা অবিস্মরণীয় এবং ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনব্যবস্থা উৎখাতে তারাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগর আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত শুক্রবার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফেডারেশনের কেন্দ্রীয় সহ–সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শাহজাহান চৌধুরী এমপি, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী, বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এএম নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এস কে খোদা তোতন।
সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশকে বহু বছর পিছিয়ে দিয়েছে। সরকারি কলকারখানা বন্ধ করে লক্ষ লক্ষ শ্রমিককে বেকার করেছে এবং বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে। শ্রমিকদের বাদ দিয়ে নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয় এবং তাদের জীবনমান উন্নয়নই হতে হবে মূল লক্ষ্য।
চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশের কলকারখানার কর্মপরিবেশ এখনো ঝুঁকিপূর্ণ। সমাবেশ সঞ্চালনা করেন নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী ও সহ–সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।












