চকরিয়ায় মুরগির খামারে শিয়াল–কুকুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তুহিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ৯ নম্বর ওয়ার্ড তচ্ছিয়ার পাহাড় এলাকায় এই ঘটনা ঘটে। তুহিন ওই এলাকার মো. পাভেলের পুত্র।
স্থানীয়রা জানায়, সাবেক মেম্বার ফজলুল কবিরের মালিকানাধীন একটি খামার ভাড়া নিয়ে সাতকানিয়ার বাসিন্দা নাসির উদ্দিন মুরগির খামার গড়ে তোলেন। ওই খামারের আশেপাশে উপদ্রব বেড়ে যাওয়ায় কুকুর–শিয়াল মারতে বৈদ্যুতিক তারের ফাঁদ দেন তিনি। গতকাল সকালে তুহিন খামারের পাশে আম কুড়াতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনা জানাজানি হলে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।














