শিগগির ৮ হাজার চিকিৎসক ও নার্স নিয়োগ

| মঙ্গলবার , ২৭ জুলাই, ২০২১ at ১১:৪০ পূর্বাহ্ণ

করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় দেশে আরও চার হাজার চিকিৎসক ও সমান সংখ্যক নার্স নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, গত দেড় বছর ধরে চিকিৎসক ও নার্সরা করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে ক্লান্ত হয়ে গেছেন। এজন্য নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। চিকিৎসক ও নার্স নিয়োগের এই প্রক্রিয়া খুব দ্রুত শেষ করা হবে। খবর বিডিনিউজের।
এই নিয়োগ প্রক্রিয়ায় ‘মৌখিক পরীক্ষা’ বাদ দেওয়ার জন্য বলা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনুরোধ করেছি ইন্টারভিউয়ের দরকার নাই, পুলিশ ভ্যারিফিকেশনের দরকার নাই। তাড়াতাড়ি তাদের কাজে যোগ দেওয়ার সুযোগ করে দেওয়া হোক। এর আগে মহামারীকালে শুধু মৌখিক পরীক্ষার ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ৪০৯ জন জুনিয়র কনসালট্যান্ট (এ্যানেসথেশিওলজি) নিয়োগ দিতে গত জুন মাসে বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-পিএসসি। এছাড়া কোভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্য ক্যাডারে দুই হাজার সহকারী সার্জন নিয়োগ দিতে গত বছরের নভেম্বরে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দিয়েছিল পিএসসি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ
পরবর্তী নিবন্ধডবলমুরিংয়ে পিতা পুত্রের মাদক ব্যবসা খদ্দেরসহ গ্রেপ্তার ৭