শিক্ষার গুণগত মানোন্নয়নে সবকিছু করা হবে : মেয়র

চসিক শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের অধ্যক্ষদের সাথে মতবিনিময়

| বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার গুণগত মানোন্নয়নে যা যা প্রয়োজন তার সবকিছু করা হবে। শিক্ষকদের চাকরি স্থায়ীকরণ, অধ্যক্ষদের নিয়মিতকরণ তারই অংশ। ক্রমান্বয়ে সকলকে স্থায়ীকরণসহ বন্দর থেকে প্রাপ্য অর্থ শিক্ষা খাতে ব্যয় করা হবে বলে তিনি ঘোষণা দেন।

গতকাল বুধবার বিকেলে টাইগার পাস সিটি করপোরেশন ভবনে চসিক পরিচালিত ১৯টি কলেজের সদ্য ভারমুক্ত অধ্যক্ষবৃন্দ সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন ও প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাতকালে মেয়র এ কথা বলেন। এসময় অধ্যক্ষবৃন্দ মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

এসময় উপস্থিত ছিলেন অপর্ণাচরণের অধ্যক্ষ আবু তালেব বেলাল, কুলগাঁও কলেজের অধ্যক্ষ আমিনুল হক খান, কাপাসগোলা কলেজের অধ্যক্ষ নুর বানু, পূর্ব বাকলিয়া কলেজের অধ্যক্ষ জিনাত পারভীন, ফতেয়াবাদ কলেজের অধ্যক্ষ তিবরিজি, মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরী, জরিনা মফজল কলেজের অধ্যক্ষ হাজেরা বেগম, আইয়ুব বিবি কলেজের অধ্যক্ষ মাহফুজএর রহমান, পতেঙ্গা কলেজের অধ্যক্ষ মেহেরুন নেছা, চসিক কমার্স কলেজের অধ্যক্ষ আবু তৈয়ব চৌধুরী, প্রিমিয়ার কলেজের অধ্যক্ষ রেহানা আক্তার, ছাফা মোতালেব কলেজের অধ্যক্ষ মাহবুব আলম ও সরাইপাড়া কলেজের অধ্যক্ষ জাহানারা মনি প্রমূখ।।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল চসিকের জারি করা এক প্রশাসনিক আদেশে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত ২৪টি কলেজের মধ্যে ১৯টি কলেজে দীর্ঘদিন ধরে দায়িত্বপালনকারী ভারপ্রাপ্ত অধ্যক্ষদের ভারমুক্ত করা হয়েছে। তারা এখন থেকে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফরিদা খানম ঢাকার নতুন জেলা প্রশাসক
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ৮ম আন্তর্জাতিক সুফি সম্মেলনের জন্য প্রবন্ধ আহ্বান