বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরে রদবদলের ধারাবাহিকতায় নতুন জেলা প্রশাসক পেল ঢাকা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অন্যদিকে, ঢাকার বর্তমান ডিসি মো. রেজাউল করিমকে প্রত্যাহার করে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। খবর বিডিনিউজের।
ফরিদা খানম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ২০০১ সালে স্নাতক (সম্মান) ও ২০০২ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২৫তম বিসিএস কর্মকর্তা হিসেবে ২০০৬ সালে প্রশাসন ক্যাডারে যোগদান করেন তিনি। তিনি চট্টগ্রামেরও ডিসি ছিলেন। গত বছরের ২১ সেপ্টেম্বর তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বদলি করা হয়। পরে ফরিদা খানমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।













