শহর সমাজসেবা কার্যালয়–২, চট্টগ্রামের আয়োজনে ফ্যামিলি কার্ড, সুবর্ণ নাগরিক কার্ড এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠান গত ২ মে বিকালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।
তিনি বলেন “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”–এ মূল দর্শনে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি বাস্তবায়ন বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ইতিহাসে একটি যুগান্তকারী মাইলফলক। এই কর্মসূচি রাষ্ট্রীয় সম্পদ বিতরণে প্রচলিত অনিয়ম ও সমন্বয়হীনতা দূর করে একটি স্বচ্ছ, বৈজ্ঞানিক ও তথ্যপ্রযুক্তি–নির্ভর কাঠামো নিশ্চিত করবে। এই কার্যক্রমের অনন্য দিক হলো নারীর “ক্ষমতায়ন”। নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এই কার্ডের মাধ্যমে নির্বাচিত পরিবারগুলোকে নিয়মিত নগদ সহায়তা দেয়া হবে। এই কর্মসূচির মাধ্যমে সম্পদের ওপর নারীর নিয়ন্ত্রণ ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করা হয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী পরিচালক মোঃ জসীম উদ্দিন ও মোহাম্মদ ওয়াহীদুল আলম। অনুষ্ঠানের শুরুতে শহর সমাজসেবা কার্যালয়–২, চট্টগ্রামের সার্বিক কার্যক্রমের উপর ব্রিফ করেন শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর। পরে প্রধান অতিথি উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড ও সুবর্ণ নাগরিক কার্ড এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।













