লোহাগাড়ায় বরখাস্ত কনস্টেবলসহ দুইজনের কারাদণ্ড

মাদকসেবন

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ২১ আগস্ট, ২০২৬ at ৬:২১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় মাদকসেবনের দায়ে বরখাস্তকৃত সাবেক কনস্টেবলসহ দুই জনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাতে তাদেরকে গ্রেপ্তারের পর এ সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ বিন আখন্দ। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হিন্দু পাড়ার দোলন সিকদারে ছেলে ও সাবেক কনস্টেবল নিউটন সিকদার (৩৭) এবং একই এলাকার সবুজ ধরের ছেলে রাজেশ ধর (২৮)

পুলিশ জানায়, ঘটনারদিন রাতে নিজ এলাকায় মাদকসেবন অবস্থায় স্থানীয়রা তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে নিউটন সিকদার পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি আঘাতপ্রাপ্ত হন। পরে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে মাদকসেবনের সরঞ্জাম। এরপর রাত ১১টার দিকে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে প্রত্যেককে ৩ মাস করে কারাদন্ডের আদেশ দেন। ২০২৮ সালে নিউটন সিকদার কনস্টেবল হিসেবে চাকরিতে যোগদান করেছিলেন। ২০২১ সালে মাদকসেবনের অপরাধে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, রাতেই দন্ডপ্রাপ্ত নিউটন সিকদারকে পুলিশ হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ৩৮ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি
পরবর্তী নিবন্ধএনবিআরের কর অঞ্চলে বড় রদবদল, গোয়েন্দা ইউনিটে প্রথম নারী প্রধান