লোহাগাড়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন চেনু আরা বেগম নামে এক নারী। গত সোমবার রাতে উপজেলার সদর বটতলী স্টেশনের একটি বেসরকারি হাসপাতালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন নবজাতকের জন্ম হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, বান্দরবানের লামা উপজেলার কেয়াজুপাড়া এলাকার বাসিন্দা মো. পারভেজ তার স্ত্রী চেনু আরা বেগমকে প্রসববেদনা নিয়ে হাসপাতালে ভর্তি করেন। পরে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়। নবজাতক তিনজনই ছেলে। মা ও নবজাতকেরা সুস্থ আছেন। প্রসব কার্যক্রম পরিচালনা করেন হাসপাতালের শিশু ও গাইনি বিশেষজ্ঞ ডা. কানিজ নাসিমা আক্তার। তিনি জানান, কোনো জটিলতা ছাড়াই স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন শিশুর জন্ম হয়েছে। বর্তমানে মা ও নবজাতকদের শারীরিক অবস্থা ভালো।












