রামুতে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল

উখিয়ায় সমাবেশ নিয়ে উত্তেজনা

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ২৭ জুলাই, ২০২৬ at ৪:৫৯ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যমে আগাম ঘোষণা দিয়ে কক্সবাজারের রামু উপজেলায় মোটরসাইকেল শোডাউন ও মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এর আগের দিন উখিয়ার পালংখালী ইউনিয়নে সংগঠনটির কর্মী সমাবেশও অনুষ্ঠিত হয়েছে। দুই ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে রামুর শোডাউনটি রবিবারের ঘটনা কি না, তা নিয়ে ভিন্নমত পুলিশের। অন্যদিকে উখিয়ার কর্মসূচির প্রতিবাদে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। নিষিদ্ধ ছাত্রলীগের রামু শাখার নেতাকর্মীদের দাবি মতে, গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজারচট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী পার্কসংলগ্ন এলাকা থেকে মোটরসাইকেল শোডাউন শুরু হয়। পরে বহরটি মহাসড়ক হয়ে জোয়ারিয়ানালার দিকে যায়। এ সময় অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

স্থানীয় সূত্র জানায়, শোডাউনের আগের দিন শনিবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচির ঘোষণা দেন নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির রামু উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক তারেক উদ্দিন মিশুক। এদিকে তারেক উদ্দিন মিশুক শোডাউনের বিষয়টি স্বীকার করে বলেছেন, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে মিছিল হয়েছে। তিনি দাবি করেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। এতে বিভিন্ন পর্যায়ের অন্তত শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহীন সরওয়ার কাজল এবং সদস্য কাওসার সাকিবও নেতৃত্ব দেন। আয়োজকদের দাবি, কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া। তার দাবি, মোটরসাইকেল শোডাউন ও মিছিলটি রবিবারের নয়। ওসির ভাষ্য, গতকাল সকাল থেকেই রামুতে বৃষ্টি হয়েছে, কিন্তু প্রচারিত ভিডিওতে আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। তাই এটি আগের কোনো সময়ের শোডাউনের ভিডিও হতে পারে, যা আজকের বলে প্রচার করা হচ্ছে।

অন্যদিকে রামু উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বলেছেন, তিনি নিশ্চিত হয়েছেন যে মিছিলটি রোববার সকালের। নিষিদ্ধ সংগঠনের এ কর্মসূচির প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ কর্মসূচি পালন করবেন বলেও জানান তিনি।

এর আগে শনিবার দুপুরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উদ্যোগে একটি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয়রা জানান, এতে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এদিকে সমাবেশের প্রতিবাদে শনিবার বিকেলে পালংখালী স্টেশন এলাকায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলে তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে সমাবেশে অংশ নেওয়া ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

রামুর মোটরসাইকেল শোডাউন এবং উখিয়ার কর্মী সমাবেশকে কেন্দ্র করে কক্সবাজারের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও আলোচনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনিক সূত্র জানিয়েছে, ঘটনাগুলো পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্য যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধ‘মান সনদ নেই’, এসিআই গোদরেজ ও আফতাব ফিডসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
পরবর্তী নিবন্ধমাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুস জব্দ