দুর্গম পাহাড়ি সীমান্ত অতিক্রম করে শুল্ক ফাঁকি দিয়ে আনা হচ্ছে ভারতীয় জুস জব্দ করেছে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা জোনের চেকপোস্ট পয়েন্টে অভিযান চালিয়ে আমুল ব্র্যান্ডের এসব ভারতীয় জুস জব্দ করে। গতকাল রোববার দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে মাটিরাঙ্গা জোন।
সেনাবাহিনীর সূত্র জানায়, মাটিরাঙ্গা বাজার হয়ে অবৈধ পথে আসা ভারতীয় পণ্য নিয়ে একটি ট্রাক গাড়ি চট্টগ্রাম যাচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের চেকপোস্ট পয়েন্টে অভিযান চালিয়ে একটি ট্রাকসহ ৭ হাজার ৫০০ ভারতীয় জুস আটক করা হয়। জব্দকৃত জুসের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে কোনো পণ্য প্রবেশ ও বাজারজাত করতে দেওয়া হবে না জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারতীয় পণ্য নিয়ে আসা রোধে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। চোরাকারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে।










