ইটভাটা দখল করতে গিয়ে রাউজানে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত

রাউজান প্রতিনিধি | সোমবার , ২৭ জুলাই, ২০২৬ at ৫:০০ পূর্বাহ্ণ

রাউজানে একটি ইটভাটা দখল করতে গিয়ে প্রতিপক্ষের কিরিচের কোপে দুইজনসহ মোট চারজন আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে ডাবুয়া ইউনিয়নের হিংগলা এলাকায় এ ঘটনা ঘটে। কিরিচের কোপে আহতরা হচ্ছেনফোরকান উদ্দিন খালেক (৫০) ও সেলিম উদ্দিন (৫৫), আর মারধরে আহত হয়েছেন জসিম উদ্দিন কোম্পানি (৫৫) ও মো. মিজান (৩৫)। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, ডিএনসি নামের ইটভাটাটি গত তিন বছর ধরে পরিচালনা করে আসছিলেন মোহাম্মদ ফরিদ ও তার চাচা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আজিজুল হক।

গতকাল ইটভাটাটি দখলে নিতে যান স্থানীয় ফোরকান উদ্দিন খালেক সাথে ১০/১২জনকে নিয়ে। এসময় দুপক্ষের মধ্যে কথাকাটাকাটির মধ্যে সৃষ্টি হয় উত্তেজনা। ভাটার দখলে থাকা মালিক পক্ষের লোকজন প্রতিপক্ষ লোকজনের ওপর দেশি অস্ত্র নিয়ে আক্রমণ করে বলে অভিযোগ প্রতিপক্ষের। এতে চারজন আহত হয়। ভাটার দখলে থাকা ফরিদ কোম্পানী ও তার চাচা আজিজুল হক দাবি করেন বৈধ কাগজপত্রে তারা তিন বছর ধরে ভাটা চালিয়ে আসছেন। তাদের দাবি হঠাৎ করে খালেকসহ তার সাথে আসা লোকজন কিরিচ নিয়ে আমাদের ওপর হামলা করলে ধস্তাধস্তিতে তাদের আনা কিরিচের আঘাত তাদের হাতে লাগে। এসময় ভাটার শ্রমিকদের প্রতিরোধে তারা পালিয়ে যায়। আহত জসিম কোম্পানি অভিযোগ করেন ভাটাটির প্রকৃত মালিক তারা। আজিজুল হক গং এটি জবরদখল করে রেখেছে। আগামী মৌসুমের প্রস্তুতিতে ভাটায় কাজ করতে গেলে আজিজুল হক গং দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করে। তিনি এই ঘটনায় থানায় মামলা করবেন বলে জানান। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহতদের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি। এই ঘটনায় জড়িত সন্দেহে ৫জনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুস জব্দ
পরবর্তী নিবন্ধস্কুল শেষে বাড়ি ফেরা আর হল না সিফার