ছুটি শেষে সহপাঠীদের সাথে শিশু সিফা স্কুল থেকে বের হলেও বাড়িতে আর ফিরে যেতে পারেনি। তার আগেই একটি মিনিবাস তার জীবন কেড়ে নিয়েছে। গতকাল রবিবার দুপুর ২টার সময় ঢাকা–চট্টগ্রাম মহসড়কের কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা মছজিদ্দা স্কুল এলাকায় এ ঘটনাটি ঘটে। সিফা মছজিদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাতুল মাওয়া সিফা (৮) স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে মহাসড়কের পাশে দাড়িয়ে ছিল। এ সময় একটি মিনিবাস তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন বলেন, এ ঘটনায় মিনিবাসটি আটক করা হয়েছে। নিহত স্কুল ছাত্রী জান্নাতুল মাওয়া সিফা ছোট কুমিরা এলাকার কাজীপাড়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শহীদুল্লাহর কন্যা। তিনি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।











