ল্যাবরেটরিতে পরীক্ষা এবং মান সনদ গ্রহণ না করে পোল্ট্রি ফিড, ফিশ ফিড উৎপাদন এবং বাজারজাতের দায়ে এসিআই গোদরেজ ও আফতাব ফিডকে জরিমানা করেছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই অপরাধে লেড এসিড স্টার্টার ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠান জিউজো ইন্ডাস্ট্রি লিমিটেড নামের আরও একটি কোম্পানিকে জরিমানা করা হয়েছে। এ তিনটি কোম্পানিকে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে রোববার বিএসটিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। খবর বিডিনিউজের।
এতে বলা হয়, নারায়ণগঞ্জ ও রূপগঞ্জে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। এছাড়া রাজধানীর বসিলা এবং হাজারীবাগ এলাকায় পৃথক দুটি অভিযানে ভ্রাম্যমাণ আদালত ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে। এ অভিযানকালে সব মিলিয়ে ৭টি প্রতিষ্ঠানকে ১৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার বিষয়ে এসিআই গোদরেজ অ্যাগ্রোভেট এর পরিচালক এফ এইচ আনসারী বলেন, ‘আমাদের লাইসেন্স নেওয়া আছে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে। তারাই লাইসেন্স দেওয়ার কর্তৃপক্ষ। এখন বিএসটিআই বলেছে, তাদের কাছ থেকেও নিবন্ধন নিতে হবে। বিষয়টি নিয়ে দুই মন্ত্রণালয়ের সঙ্গে শিগগির যোগাযোগ করা হবে। তারপর মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আইনি বিষয়গুলো সমাধান করা হবে।’
অপরদিকে আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান সরকার বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি কাল (সোমবার) জেনে আপনাকে জানাতে পারব।’












