রাবিপ্রবি ছাত্রদলে অস্থিরতা, ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ জুলাই, ২০২৬ at ৪:২০ পূর্বাহ্ণ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রদলের তিন যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। একই সঙ্গে সদস্য সচিবের পদ স্থগিত করে সিনিয়র যুগ্ম আহ্বায়ককে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা পৃথক দুইটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল বহিষ্কারাদেশ দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক মো. ইউনুস, মো. সোলেমান বাদশা এবং নকিবুল আবছার শাওনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব জিশান আহম্মেদের সাংগঠনিক পদ স্থগিত করা হলো। একই সঙ্গে উক্ত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামস শাহরিয়ারকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সূত্রে জানা গিয়েছে, বহিষ্কারাদেশ প্রাপ্ত তিন যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয়তা, শৃঙ্খলাবিরোধী তৎপরতা ও ছাত্রশিবির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। অন্যদিকে, পদ স্থগিত হওয়া সদস্য সচিবের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালকের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ গ্রহণের অভিযোগ উঠেছে। পরস্পরবিরোধী অভিযোগের মধ্যেই শাখাটির তিন নেতাকে বহিষ্কার ও একজনের পদ স্থগিত করল কেন্দ্রীয় ছাত্রদল।

এদিকে, পৃথক দুইটি সংবাদ বিজ্ঞপ্তি নিজ ফেসবুক টাইমলাইনে শেয়ার করে পদ স্থগিত হওয়া সদস্য সচিব জিশান আহম্মেদ লিখেন, সংগঠনের সিদ্ধান্ত চূড়ান্ত।

এ প্রসঙ্গে জানতে চাইলে রাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন অর্ণব বলেন, বহিষ্কৃত ৩ নেতার বিরুদ্ধে সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয়তা, সংগঠনবিরোধী তৎপরতা, সংগঠনের বাহিরে অপতথ্য ছড়ানোসহ আরও বিভিন্ন অভিযোগ রয়েছে। তবে সদস্য সচিবের পদ স্থগিতের বিষয়টি উদ্ভূত ‘পরিস্থিতি বিবেচনায়’ হয়েছে বলে মনে করছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধ১০ জন আক্রান্তের ৯ জনই জানে না তাদের শরীরে ভাইরাস আছে
পরবর্তী নিবন্ধডেভিড ইমনের দুই সহযোগী বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার