বোয়ালখালীতে দাবা প্রতিযোগিতায় নুহাশের শীর্ষস্থান লাভ

বোয়ালখালী প্রতিনিধি | সোমবার , ২৬ অক্টোবর, ২০২৬ at ৬:৫৬ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে ৪০০ দাবা খেলোয়াড়ের অংশগ্রহনের মাধ্যমে আয়োজিত দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। গত শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিপুল উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে এই দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একাডেমিক ও উন্মুক্ত ক্যাটাগরিতে চারশত খেলোয়াড় অংশগ্রহন করে। এতে প্রথম স্থান অধিকার করেন কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণির শিক্ষার্থী জাওয়াদ উল আবেদীন নুহাশ। দ্বিতীয় স্থান পান হাজি আজগর আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ফয়সাল হোসেন। প্রতিযোগিতায় তৃতীয় হয়ে পুরস্কার লাভ করেন কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দ মোহাম্মদ মাহের। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সংসদ সদস্য এরশাদ উল্লাহ। উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার এস,এম তারেকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, উপজেলা শিক্ষা অফিসার সালমা ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুন্নবী চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল্লাহ চৌধুরী, হাজি আবু আকতার ও জয়নাল আবেদীন সিকদার।

পূর্ববর্তী নিবন্ধ২০০ মিটারেও সেরা ইমরানুর ও শিরিন
পরবর্তী নিবন্ধ সেমিফাইনালে রাইয়ান ও এনএইচটি স্পোর্টস ক্লাব