বেপরোয়া চাঁদাবাজি, গোলাগুলি এবং হামলার ঘটনায় নাম আসা শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের দুই সহযোগীকে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃত দুজন হলেন বায়েজিদ এলাকার বাসিন্দা মো. আসিফ (২৫) এবং হাটহাজারীর সাইদুল ইসলাম ওরফে আরিফ (২৪)।
পুলিশ জানায়, গত রোববার রাতে বায়েজিদ বোস্তামী থানার এসআই মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে নিয়মিত অস্ত্র ও মাদকবিরোধী অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে অক্সিজেন–কোয়াইশ সড়কের ওয়াজেদিয়া খেলার মাঠসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। সেখানে আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি আসিফ অবস্থান করছে–এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।
তল্লাশির সময় আসিফের কোমর থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলের ম্যাগজিনে দুই রাউন্ড গুলি লোড করা ছিল। এছাড়া আরিফের পকেট থেকে আরও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি বহনের বৈধ কোনো লাইসেন্স বা কাগজপত্র তারা দেখাতে পারেননি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচয় দিয়ে অবৈধভাবে অস্ত্র ও গুলি সংগ্রহ করে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসিফের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, দাঙ্গা, অস্ত্র আইন, সরকারি কর্মচারীর ওপর হামলা ও হত্যাচেষ্টাসহ মোট ১১টি মামলা রয়েছে। অপরদিকে সাইদুল ইসলাম ওরফে আরিফের বিরুদ্ধে চাঁদাবাজির দুটি মামলা রয়েছে। আসিফ নগরীর ট্যানারি বটতল এলাকার মোহাম্মদ ইউসুফের এবং সাইদুল ইসলাম আরিফ হাটহাজারীর আমান বাজারের মৃত ফরিদুল আলমের পুত্র বলে পুলিশ জানিয়েছে।







