পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী। গতকাল শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে অন্য আরও তিন মন্ত্রীর সঙ্গে তিনি শপথ গ্রহণ করেন। সরকারি সূত্র মতে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন রাজপথের লড়াকু এ সৈনিক। দীর্ঘ প্রতীক্ষার পর রাজপুত্র জেরী মূল্যায়িত হওয়ায় বান্দরবানসহ পাহাড়ের সর্বত্র আনন্দের বন্যা বয়ে চলেছে।
বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। বিএনপির বান্দরবান জেলা শাখার আহ্বায়কের দায়িত্বেও রয়েছেন তিনি। ১৯৯৬ সালের ষষ্ঠ সংসদ নির্বাচনে বান্দরবান থেকে তিনি সংসদ সদস্য হয়েছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে ২০০১, ২০০৯ ও ২০১৮ সালের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন। সবশেষ ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য হন। বান্দরবান সদর উপজেলা ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বও সামলেছেন।
সাচিং প্রুর জন্ম ১৯৫৩ সালের ১৫ জানুয়ারি বান্দরবান পৌরসভার ক্যাংভিটা এলাকায়। বাবা অংশৈ প্রু চৌধুরী ছিলেন ব্যোমাং সার্কেলের রাজা। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের আমলের খাদ্য, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার মামি মাম্যা চিং সংরক্ষিত নারীর আসনের সাবেক সংসদ সদস্য।
রাজপুত্র সাচিং প্রু জেরীর মন্ত্রীত্ব পাওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করে বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জাহাঙ্গীর আলম বলেন, প্রত্যাশা ছিল মন্ত্রীত্বের। কিন্তু প্রথম দফায় বাদ পড়লেও যোগ্যতার ভিত্তিতেই দ্বিতীয় ধাপে প্রত্যাশিত মন্ত্রীত্ব পেয়েছেন। খুশীর খবরে বান্দরবানবাসী অত্যন্ত আনন্দিত। ত্যাগীর মূল্যাায়নের খবরে হতাশা কেটে নেতাকর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরেছে।
জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক দৌলতুল কবীর খান সিদ্দিকী বলেন, দেরিতে হলেও প্রত্যাশিত মন্ত্রীত্ব পাচ্ছে বান্দরবানবাসী। এটি অত্যন্ত আনন্দের। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রী সভায় মন্ত্রী হচ্ছেন। এর আগে প্রধানমন্ত্রীর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের আমলে জেরীর পিতা রাজা অংশৈ প্রু চৌধুরী প্রতিমন্ত্রী ছিলেন। ফের মন্ত্রীত্ব পাওয়ায় বান্দরবান জেলায় উন্নয়নের ধারা আরও বেগমান হবে।
জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা বলেন, দীর্ঘ ১৭টি বছর আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক মন্ত্রীত্বের যোগ্য দাবীদার স্থানীয় সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী মন্ত্রীত্ব পাচ্ছেন। এটি বিএনপিসহ বান্দরবানবাসীর জন্য অত্যন্ত আনন্দের। দলের সভাপতি ও নতুন মন্ত্রীর কাছে আমারও প্রত্যাশা থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ভূমিকা রাখবেন এবং রাজাপ্রজা ভুলে গিয়ে সব জাতিগোষ্ঠীকে সমান দৃষ্টিভঙ্গির মাধ্যমে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন। উন্নয়ন থেকে কেউই যেন বঞ্চিত না হয়।












