রাঙ্গুনিয়ায় সাড়ে ৪৭ লাখ টাকা আত্মসাৎ, প্রতারণা ও মারধরের মামলায় আদালতের পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. গিয়াস উদ্দিন (৪১)। তিনি উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত শনিবার রাতে উপজেলার মরিয়মনগর চৌমুহনী এলাকা থেকে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে, গিয়াস উদ্দিন রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর আমিরিয়া পাড়ার মৃত জেবর মুল্লুকের ছেলে। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া মডেল থানার একটি নিয়মিত মামলা এবং আদালতের একটি সিআর পরোয়ানা রয়েছে।
জানা যায়, স্থানীয় ব্যবসায়ী মো. আবদুল্লাহর কাছ থেকে ব্যবসা প্রসারের কথা বলে গিয়াস উদ্দিন ও তার ভাই মো. আলাউদ্দীন (৩৬) পরস্পর যোগসাজশে নগদ, চেক ও ব্যাংক অ্যাপের মাধ্যমে মোট ৪৭ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করেন। পরবর্তীতে পাওনা টাকা ফেরত না দিয়ে তারা দীর্ঘদিন ধরে কালক্ষেপণ করতে থাকেন। এমনকি স্থানীয় শালিস বৈঠকেও বিষয়টির মীমাংসা হয়নি। সবশেষ গত ১৩ মে পাওনা টাকা ফেরত চাইলে গিয়াস উদ্দিন ও তার সহযোগীরা ব্যবসায়ী আবদুল্লাহকে মারধর, জখম এবং খুন–গুমের হুমকি দেন। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে বিচারক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।











