স্ত্রীর হাতে একটি স্মার্টফোন, ভিডিও কলে যুক্ত থাকা অপহৃত মো. নাহিদুল ইসলাম তানভীর (২৬) কান্নাকাটি করছেন। স্ত্রী আনিসা আকতার ববি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলছিলেন, ‘অনে ন হাইন্দুন, অনে স্ট্রং থাকি হতা হন, অনত্তুন স্ট্রং তাহন পরিবু, অনে নহাইন্দুন’।
অর্থাৎ আপনি কাঁদবেন না, আপনি স্ট্রং (সাহস) রেখে কথা বলুন, আপনাকে স্ট্রং থাকতে হবে, কাঁদবেন না। আজ বুধবার ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।
জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মোবাইল ফোন মেরামতের কথা বলে ঘর থেকে বের হন নাহিদুল ইসলাম। দুপুরে ফিরে না আসায় খোঁজাখঁজি শুরু করে পরিবারের লোকজন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। রাতে তানভীরের স্ত্রীর মোবাইলে একটি ভিডিও কল আসে। সেখানে তার স্বামীকে দেখানো হয়, পরে ১০ লাখ টাকার মুক্তিপণ দাবি করা হয়।
নিখোঁজ তানভীর রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোবারকখীল গ্রামের হালদা খান চৌধুরী বাড়ির প্রয়াত নুরুল ইসলাম খানের ছেলে। স্ত্রীর সঙ্গে কথোপকথনের ভিডিও ধারণকারী তানভীরের বন্ধু তাজবি চৌধুরী বলেন, ‘অপরহণকারীরা প্রথমে আমাকে ফোন দেয়, পরে তার স্ত্রীর নম্বরে ফোন দিয়ে মুক্তিপণ দাবি করে। ভিডিও কল দিলে আমি ভিডি করি।’
বুধবার বিকালে রাউজান থানায় নিখোঁজ ডায়েরি করেছেন তানভীরের বোন উম্মে কুলসুম রুপা। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিখোঁজের ঘটনায় এক নারী ডায়েরি করেছেন। বিষয়টি তন্ত করে দেখা হচ্ছে।
মুক্তিপণ দাবির বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, যেহেতু আমাদের সামনে কেউ মুক্তিপণ দাবি করেনি, সেহেতু সেটার সত্যতা কতটুকু তা নিশ্চিত করা যাচ্ছে না। সহকারী পুলিশ সুপাার রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল বেলায়েত হোসেন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করা হচ্ছে।











